রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। ৭৭ বছর বয়সী আবদুল হামিদ বুধবার বিকেলে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন। তিনি বলেন, বুধবার বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি টিকা নিয়েছেন।
রাষ্ট্রপতির আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নেন। এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা করোনাভাইরাসের টিকা নেন। গত ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি হাসপাতালে প্রথমবারের মতো করোনার টিকা দেয়া শুরু হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
এরই মধ্যে অনেক বিশেষ ব্যক্তি ও মন্ত্রীরাও কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। বর্তমানে দেশব্যাপী এক হাজার ৫টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হচ্ছে।
গতকাল মঙ্গলবার পর্যন্ত ৪০ লাখ ১৩ হাজার মানুষ করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। সরকার ১৩ কোটি মানুষকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেয়ার পরিকল্পনা নিয়েছে।